মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের মোবারকপুর এলাকায় গ্যাসের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বর্তমানে প্রাথমিক পর্যায়ের কাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়নের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
বাপেক্স কর্তৃপক্ষ জানায়, সফলভাবে কূপ খনন করা সম্ভব হলে এখান থেকে ২০ বছর ধরে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে গ্যাস উত্তোলনের মূল কার্যক্রম শুরু হবে।
গ্যাসের সন্ধান মিললে পাবনার সুজানগরসহ পুরো উত্তরবঙ্গের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এই গ্যাস গৃহস্থালির চাহিদা মেটানোর পাশাপাশি নতুন শিল্প-কারখানা স্থাপনে ভূমিকা রাখবে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বেকারত্ব হ্রাস পাবে এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।