শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলায় কৃষকের ধানক্ষেত থেকে উদ্ধার করা ৯ ফুট লম্বা একটি বিশালাকার অজগর সাপকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের ২ নং বকুলতলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৮ কেজি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান এক কৃষক। বিষয়টি জানাজানি হলে এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরণখোলা ভিটিআরটি (VTRT)’ টিমের প্রতিনিধি নাহিদ হাসান ও মোঃ হাসান মুন্সি দ্রুত ঘটনাস্থলে যান।
পরে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ সহযোগিতায় সাপটিকে কোনো ক্ষতি না করে সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর একই দিন বিকেলে অজগরটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের পার্শ্ববর্তী সুরক্ষিত গহীন বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
লোকালয় থেকে সাপটি দ্রুত ও দক্ষতার সাথে উদ্ধার করায় স্বস্তি প্রকাশ করেছেন বকুলতলা গ্রামের বাসিন্দারা। বন্যপ্রাণী রক্ষায় Forest Department ও ভিটিআরটি টিমের এমন তৎপরতা ও সচেতনতামূলক পদক্ষেপের প্রশংসা জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী প্রেমীরা।