নিজস্ব প্রতিবেদক
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুই হাজারের বেশি মানুষকে হত্যা ও বহু মরদেহ গায়েব করেছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটির রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের বেদনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনে যারা গুম ছিলেন, তাদের প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী ও সুমনের মায়ের মানসিক অবস্থা কেউ বুঝবেন না। তার নিজের স্ত্রী-সন্তানদের কী অবস্থা হয়েছিল, সেটিও অন্য কেউ বোঝার কথা নয়।
আওয়ামী লীগের সময়ে বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী ৭০৯ জন গুমের কথা বলা হয়েছে, যার মধ্যে ১৫৫ জন ফিরে এসেছেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিষয়ে ১ হাজার ৮৫০টি আবেদন জমা পড়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন অনুসারে এ সংখ্যা প্রায় ১ হাজার ৪০০। তবে তাদের নিজস্ব হিসাব অনুযায়ী এ সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে, কারণ বহু মরদেহ গায়েব করা হয়েছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় গুম-খুনের স্থান নেই
সালাহউদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় এ ধরনের গুম-খুনের কোনো স্থান ছিল না। ব্রিগেডিয়ার আযমীর মতো অনেকে ফিরে এলেও পরিবারের কাউকে পাননি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।