মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ পুরকায়স্থকে বিদায় এবং নবাগত ইউএনও নূর পেয়ারা বেগমকে বরণ করে নেওয়া হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার উপস্থিত থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। বক্তারা বিদায়ী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থের দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
নবাগত ইউএনও নূর পেয়ারা বেগমকে স্বাগত জানিয়ে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, তাঁর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কার্যকর ও জনবান্ধব সেবা পাবেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবাগত ইউএনওকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।