মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), সন্ধ্যা ৬টা ১৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় আলোচনা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়েছে। রবিবার উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত নজরুল অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে এই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। সভাপতিত্ব করেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহীদ খান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কবি লোকান্ত শাওন, কবি জীবন চক্রবর্তী, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দিলীপ ঘোষ ও অর্পিতা দাস। এছাড়া কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন ধনেশ পত্রনবীশ।
আলোচকরা বলেন, “নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নজরুল ছিলেন শোষণ, বৈষম্য, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক কণ্ঠস্বর। তাঁর সৃষ্টি যুগে যুগে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা জোগায়।”
নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত হলে দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হয়।
উল্লেখ্য, কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে এই আয়োজন করা হয়, যেখানে স্থানীয় কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা অংশ নেন।