নিজস্ব প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), রাত ৯টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান এবং আজকের দিনটিকে বাংলাদেশের মানুষের জন্য আনন্দ ও প্রেরণার দিন হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। তিনি স্মরণ করেন যে, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে শহীদ জিয়া নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অধিকার ফিরিয়ে দিয়ে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন মরহুম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মরহুম খালেদা জিয়া তার সম্মোহনী ব্যক্তিত্ব ও দূরদর্শী নেতৃত্ব দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের অপর নামই বিএনপি।
সরকার পরিচালনার সফলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দেশে যতবারই জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর সম্প্রতি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে। জনগণের কাছে একটি শতভাগ জবাবদিহিমূলক ও জনকল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়ার মাধ্যমেই বিএনপি এই ভালোবাসার প্রতিদান দিতে চায়।
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের আস্থাকে সমুন্নত রেখে দলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থক আগামী দিনেও দেশমাতৃকার সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।