মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে একই সাথে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল। এর মধ্যেই দুই ভাই বাড়ির অদূরে নিজেদের ধান ক্ষেতে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
নিহতদের ভাইপো রাজিব বাছাড় শোকাতুর কণ্ঠে জানান, সকালে তার দুই কাকা একসঙ্গে মাঠে কাজ করতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরও জানান, বড় কাকা নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও ৪টি সন্তান রয়েছে এবং ছোট কাকা মানিক বাছাড়ের স্ত্রী ও ২ সন্তান রয়েছে। দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার দুটি এখন দিশেহারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একই পরিবারের দুই ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো শৌলখালী গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।