নিউজ ডেস্ক
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬), সন্ধ্যা ৭টা ৩৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন চালক ও এক হেলপারসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ও ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে মুহুরীগঞ্জ এলাকায় বিকল কাভার্ডভ্যান সরানোর সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাস চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর লং ভেহিক্যাল চালক মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৫০), বাস চালক আবুল হোসেন (৬২) এবং হেলপার শামীম (৫৫)। লং ভেহিক্যাল চালকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সকাল ৮টার দিকে মহিপাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক (৫৬) নামের এক যাত্রী নিহত হন। চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘পাতা পরিবহন’ বাসটি মহিপাল ফ্লাইওভারের পাশে যাত্রা বিরতি দিলে দ্রুতগতির কাভার্ডভ্যানটি বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিচে নামা যাত্রী তাবারক আলীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, “দুর্ঘটনা কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”