বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় ভটবটিতে করে এক বাজার থেকে অন্য বাজারে সার সরিয়ে নেওয়ার অভিযোগে দুই সার ব্যবসায়ী ও ভটবটি চালককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার ইঞ্জিনচালিত ভ্টবটিতে করে নারিকেলবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী উজ্জ্বল সাহার ঘরে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি দশপাখিয়া গ্রাযমের ভেতরে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন।যুু পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ইউএনও ভূপালী সরকার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।
অভিযানের সময় ৩৮ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি সার ২৩ বস্তা এবং টিএসপি সার ১৫ বস্তা ছিল বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা, ভটবটি চালক আগড়া গ্রামের তানভীর ও সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সার মজুত, পরিবহন বা বিক্রির ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।