নিজস্ব প্রতিবেদক
রবিবার (৬ সেপ্টেম্বর), ২০২৬ | দুপুর ২টা ৪৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জমির নামজারির সময় এখন থেকে জমির বাস্তব শ্রেণি যাচাই করে তা রেকর্ডে হালনাগাদ করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, জমির যথাযথ মূল্য নির্ধারণ এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম প্রধান সমস্যা হলো জমির রেকর্ডীয় শ্রেণি নিয়মিত হালনাগাদ না হওয়া। প্রাকৃতিক কারণ বা মানুষের প্রয়োজনে জমির শ্রেণি পরিবর্তিত হলেও তা সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত থাকে না। ফলে ভূমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কার্যক্রমে জমির প্রকৃত মূল্য নির্ধারণে জটিলতা সৃষ্টি হয় এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়।
নামজারির সময়ই হালনাগাদ হবে জমির শ্রেণি
বর্তমানে ই-মিউটেশন সফটওয়্যারে নামজারির সময় জমির রেকর্ডীয় শ্রেণি হালনাগাদের কোনো সুবিধা নেই। এ অবস্থায় মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কোনো ব্যক্তি নামজারির আবেদন করলে তা মঞ্জুরের সময় জমির বাস্তব শ্রেণি যাচাই করে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হবে। এই ব্যবস্থা চালুর জন্য ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় আশা করছে, ই-মিউটেশন সিস্টেমে এই সুবিধা যুক্ত হলে জমির প্রকৃত ব্যবহার ও শ্রেণি সরকারি রেকর্ডে সঠিকভাবে প্রতিফলিত হবে। এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় আরও কার্যকর হবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এ সংক্রান্ত চিঠিতে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুর রহমান স্বাক্ষর করেছেন।