সংবাদদাতা, লক্ষ্মীপুর
রবিবার (৬ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশের পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন মারা গেছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আবু সিদ্দিক তাঁর নাতি পিয়াস ও নাতনি পমিকে নিয়ে সড়কের পাশের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক এবং পরে পিয়াস ও পমি পানিতে ডুবে যায়।
স্থানীয়রা আবু সিদ্দিক ও পমি আক্তারের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে তাঁদের উদ্ধার করেন। পরে পিয়াস হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “এটি একটি দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”