নিজস্ব প্রতিবেদক
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬), বিকেল ৪:৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। প্রত্যাবাসনের পর মিয়ানমারে তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও বাংলাদেশ প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি এ সংকট মোকাবিলায় জাপান সরকারের মানবিক সহযোগিতার কথা তুলে ধরেন এবং সংকট সমাধানে নিজের সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশেষ দূতকে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
ভ্যাকসিন উৎপাদন ও বিনিয়োগে আগ্রহ
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা কামনা করেন। এছাড়া দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে জাপানি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।