নিউজ ডেস্ক
সোমবার (৭ সেপ্টেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক নতুন নীতিমালা জারি করেছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক সম্মানি, উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক মূল্যবোধের বিকাশে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই অবদান বিবেচনায় নিয়ে আর্থিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সরকার এই নীতিমালা প্রণয়ন করেছে।
নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের নিয়মিত মাসিক সম্মানি ও ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা দেওয়া হবে। এর মাধ্যমে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।
শুধু আর্থিক সহায়তা নয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে নীতিমালায়। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি ও বিকল্প আয়ের সুযোগ তৈরি করা হবে, যা তাদের পেশাগত মানোন্নয়নে সহায়তা করবে।
সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই নীতিমালা কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।