উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), ২০২৬ | বিকেল ৫টা ৪১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুমিল্লার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জুনাইরা ও তাসলিমা আক্তার; তারা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। এ ঘটনায় কাছিয়াপুকুরিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।