নিজস্ব প্রতিনিধি
রবিবার (১৩ সেপ্টেম্বর), রাত ৮টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ পুশ-ইন, চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী বিওপি-এর উদ্যোগে কালিন্দী নদীর পাড়ে স্থানীয় জনসাধারণের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
নীলডুমুর ১৭ বিজিবির আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) এই সভার আয়োজন করে। সভায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সার্বিক সহযোগিতা ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
রিভারাইন বর্ডার গার্ডের সুবেদার মেজর মাসুদ বলেন, “সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সজাগ থাকতে হবে। সীমান্তের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সচেতনতাই বড় ভূমিকা পালন করে।”
তিনি আরও জানান, অবৈধভাবে পুশ-ইন, চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচারের মতো অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কোনো সন্দেহভাজন তৎপরতা দেখলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য এলাকাবাসীকে পরামর্শ দেওয়া হয়।