সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি
বুধবার (১৬ সেপ্টেম্বর), রাত ১০টা ১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘ প্রায় দুই মাস পর নরসিংদী জেলার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাসের সরবরাহ ও চাপ বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে এবং স্বস্তি প্রকাশ করেছেন শিল্পমালিক ও শ্রমিকরা।
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নরসিংদীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছিল। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমিয়ে দিতে হয় বা নির্ধারিত সময়ের চেয়ে কম সময় কাজ চালানো হয়। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্পকারখানাগুলোতে গ্যাসের সরবরাহ ও চাপ আগের তুলনায় বাড়তে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক কারখানায় তুলনামূলক ভালো চাপ পাওয়া যাচ্ছে। এতে উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কারখানা সংশ্লিষ্টরা জানান, গ্যাসের চাপ স্বাভাবিক থাকলে উৎপাদন সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। দীর্ঘদিনের সংকটের কারণে যেসব কারখানায় উৎপাদন কমে গিয়েছিল, সেগুলোও এখন পূর্ণ সক্ষমতায় ফেরার সুযোগ পেয়েছে।
শিল্পমালিকরা বলেন, প্রায় দুই মাস ধরে গ্যাসের চাপ নিয়ে চরম ভোগান্তিতে ছিলাম। উৎপাদন চালু রাখতে নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে। এখন গ্যাসের চাপ কিছুটা বাড়ায় আমরা স্বস্তি পাচ্ছি।
শ্রমিকদের প্রত্যাশা, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে কারখানাগুলোতে উৎপাদন বাড়বে এবং কর্মঘণ্টা ও কাজের পরিবেশ আগের মতো স্বাভাবিক হবে। তবে শিল্পমালিকরা দাবি করেন, সাময়িকভাবে গ্যাসের চাপ বাড়লেই হবে না, দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় শিল্প উৎপাদন ও বিনিয়োগে অনিশ্চয়তা থেকেই যাবে।
শিল্প খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সরবরাহের এই উন্নতি অব্যাহত থাকলে জেলার শিল্পকারখানাগুলোতে উৎপাদন বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।