নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), ২০২৬ | রাত ৮:৫৪
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে সংসদ নির্বাচনের জন্য ১২০টি প্রতীকের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালার আওতায় দীর্ঘদিনের পরিচিত ‘নৌকা’ প্রতীক স্থগিত রাখা হয়েছে এবং কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ব্যালটে ‘না’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসি সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এই সংশোধনী আনে। নতুন নিয়মে রিটার্নিং কর্মকর্তারা স্থগিত প্রতীক ছাড়া নির্ধারিত তালিকা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন।
ইসির তালিকায় থাকা ১২০টি প্রতীকের মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, ঈগল, ট্রাক, রিকশা, লাঙল, ধানের শীষ, হাতপাখা, হাতি ও নতুন যুক্ত হওয়া ‘না’ প্রতীক। তবে রাজনৈতিক ঐতিহ্যবাহী ‘নৌকা’ প্রতীকটি বর্তমানে স্থগিত তালিকায় রাখা হয়েছে।
নির্বাচনী ব্যয় নির্বাহের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রার্থীর নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি এখন থেকে প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রার্থীদের হলফনামা দাখিলের বিধানেও সংশোধন আনা হয়েছে। নতুন নিয়মে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য দাখিলকে ‘ঐচ্ছিক’ করা হয়েছে। এছাড়া ফৌজদারি মামলার তথ্যের ক্ষেত্রে ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে, আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করা হলেই কেবল তাকে অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে।