নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৯টা ১৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মন্ত্রিসভায় অনুমোদনের পরও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ এর গেজেট এখনো প্রকাশ করা হয়নি। গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন করা হলেও গেজেট ও বাস্তবায়ন নির্দেশনা জারির অপেক্ষায় রয়েছেন চাকরিজীবীরা।
নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন এই কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়া অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, ইনক্রিমেন্ট, মোবাইল, যাতায়াত ও টিফিন ভাতাসহ ১১টি ক্ষেত্রে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বাড়িভাড়া ভাতার হার কিছুটা কমানোর প্রস্তাব থাকলেও মূল বেতন বাড়ায় মোট আর্থিক সুবিধা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসা ভাতার ক্ষেত্রে বয়স-ভেদে পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ৫০ বছর পর্যন্ত বয়সী চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা চিকিৎসাভাতা পাবেন। একইভাবে পেনশনভোগীদের জন্যও বয়স অনুযায়ী চিকিৎসাভাতা বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু হচ্ছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বিশেষ চাহিদা-সম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে সরকারি চাকরিতে একই গ্রেডে ১০ বছর চাকরি করলে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ৮ বছর করার প্রস্তাব করা হয়েছে। পদোন্নতিযোগ্য পদে কর্মরতরা চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার এবং পদোন্নতির সুযোগ নেই এমন পদে কর্মরতরা সর্বোচ্চ তিনবার এই সুবিধা পাবেন।
সরকারের হিসাব অনুযায়ী, নতুন বেতন কাঠামোয় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন অর্থ বিভাগ থেকে প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও বাস্তবায়ন নির্দেশনা জারির প্রক্রিয়া চলছে।