নিউজ ডেস্ক
রবিবার (২০ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘে বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দেবেন এবং বৈশ্বিক নানা সংকট ও বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি বড় সুযোগ।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আবার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। এটি আমাদের জন্য একদিকে যেমন বিরল ও ঐতিহাসিক মুহূর্ত, অন্যদিকে তেমনি বিশেষ মর্যাদা ও গৌরবের বিষয়।”
সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। তিনি জাতিসংঘ মহাসচিবের আয়োজিত প্রাতঃরাশ এবং মার্কিন প্রেসিডেন্টের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট বিষয়ক সাইড ইভেন্টে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর মধ্যে কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া বিশ্বব্যাংক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক নির্ধারিত আছে।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।