জেলা প্রতিনিধি, গাজীপুর
শনিবার (৩ অক্টোবর), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে সাততলা ভবনের তিনতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হওয়ার পর বিষাক্ত ধোঁয়ায় ভবনটি আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ভেতরে আটকা পড়া শ্রমিকদের মধ্যে ৬৯ জন অসুস্থ হয়ে পড়েন। উদ্ধারকর্মীরা তাদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকা এবং কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের চরম বেগ পেতে হয়।
অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে মো. ছালেহ উদ্দিন বলেন, দুপুর পৌনে ৩টার দিকে খবর পাওয়ার পর গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ি, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট একযোগে অভিযানে যোগ দেয়। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।