নিজস্ব প্রতিবেদক
শনিবার (৩ অক্টোবর), রাত ৮টা ৩৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে এই আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর রিমান্ডের এই আদেশ দেন। এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি মদিনা থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার সময় বিমানবন্দরে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলি সংগ্রহের লাইনে দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় প্রটোকল সহায়তাকারীরা নিয়ম ভঙ্গ করে ট্রলি নেওয়ার চেষ্টা করেন এবং লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়ায় তারা উত্তেজিত হয়ে অশোভন আচরণ শুরু করেন।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল।