মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (৭ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাশাবী রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। র্যালি শেষে মাশাবী রেস্টুরেন্টের হলরুমে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মোস্তাক আহমদ সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব জোবাইরুল আলম মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম।
সাংগঠনিক লক্ষ্য ও দিকনির্দেশনা
বক্তারা বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা এনসিপির রাজনৈতিক লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রত্যাশাকে ধারণ করে সংগঠনের কার্যক্রম ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি লায়ন এ এম মুন্না চৌধুরী বলেন, “তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থাই একটি সংগঠনের মূল শক্তি। মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
প্রধান বক্তা জোবাইরুল আলম মানিক বলেন, “লোহাগাড়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত আহ্বায়ক কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জনগণের পাশে থেকে জনমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে এনসিপিকে এগিয়ে নিতে হবে।”
সভাপতির বক্তব্যে মোস্তাক আহমদ সবুজ নবগঠিত কমিটির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোহাগাড়া উপজেলা এনসিপির সদস্য সচিব ডি এম মারুফ হাসান রিজভী।