নিজস্ব প্রতিবেদক
শনিবার (৭ নভেম্বর, ২০২৬) বিকেল ৫টা ৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর পাশাপাশি মোবাইল ও যাতায়াত ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা মাসিক ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানরা ১১ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ এবং তাদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দিয়েছেন সরকারপ্রধান।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে এসব ঘোষণা দেওয়া হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের এই সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সদস্যদের যোগাযোগের সুবিধার্থে মাসিক ১৫০ টাকা মোবাইল বিল এবং সাপ্তাহিক যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এ ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
গ্রাম পুলিশ সদস্যদের অবসরকালীন আনুতোষিক ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
সরকার গ্রাম পুলিশের পেশাগত ও আর্থিক মর্যাদা বাড়াতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে মহল্লাদার ও দফাদার হিসেবে পরিচিতদের এখন থেকে যথাক্রমে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান হিসেবে ডাকা হবে। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দুজন করে নতুন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে।
কাজের স্বীকৃতি হিসেবে প্রতিটি ইউনিয়নে একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া গ্রাম পুলিশ সদস্যদের পাঁচ বছর পরপর সাইকেল দেওয়ার পরিবর্তে তিন থেকে সাড়ে তিন বছর পরপর নতুন সাইকেল দেওয়ার ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।