নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (৬ নভেম্বর) ২০২৬, সন্ধ্যা ৬টা ২৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা এ দেশের মানুষের ওপর চরম অন্যায়-অত্যাচার ও জুলুম-নির্যাতনের মাধ্যমে রক্ত নিয়েছে, সেই জালেম স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের এ দেশে আর কোনো স্থান হবে না।
শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে এ দেশের মানুষকে ১৬-১৭ বছর সংগ্রাম করতে হয়েছে। আলেম-ওলামা ও ছাত্রসমাজের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়েছেন।
আমরা পরিষ্কার করে বলেছি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী যে জুলাই সনদ প্রণীত হয়েছে, তা আমরা বাস্তবায়ন করব। এর বাইরে ইসলামী মূল্যবোধের সকল অংশ সংবিধানে ধারণ করব।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন, যা আমরা পুনঃস্থাপন করব। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস পুনরায় ধারণ করা হবে।
বর্তমানে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু যারা গণহত্যা চালিয়েছে এবং আলেম-ওলামার রক্ত নিয়েছে, তাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই। এ বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।