এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
রবিবার (৮ নভেম্বর), রাত ১০টা ১২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের ত্রিশালে অনুমোদনহীন ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুর পাড় এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় এই দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে অনুমোদনহীন ক্ষতিকারক বর্জ্য ব্যবহারের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, “একটি প্রতিষ্ঠান অনুমোদন না নিয়ে ক্ষতিকারক উপাদান দিয়ে মৎস্য খাদ্য উৎপাদন করে আসছিল। এসব খাদ্য খেলে প্রাণীর শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে। ক্যানসারসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপাদানের নমুনা সংগ্রহ করে প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়ে গেছেন। এগুলো পরীক্ষাগারে পাঠালে ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং মালিককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।