নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন কর্মসূচি পালন করেছেন বনজীবীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফরেস্ট অফিস সংলগ্ন খোলপেটুয়া নদীতে এ কর্মসূচি পালন করা হয়। এতে সুন্দরবন নির্ভর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বনজীবীরা অংশ নেন।
গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালীসহ বিভিন্ন এলাকার বনজীবীরা সকাল থেকে নৌকা নিয়ে কলাগাছিয়া এলাকায় জড়ো হতে থাকে। পরবর্তীতে সুন্দরবনের প্রবেশ দ্বার আটকে খোলপেটুয়া নদীতে বনদস্যু নির্মূলের এক দফার দাবিতে নৌ বন্ধন কর্মসূচি পালিত হয়।
নৌ বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান কবির, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নুরুজ্জামান, মহিলা ইউপি সদস্যা ফরিদা খাতুন, সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। অনেকে মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছে। আবার মুক্তিপণ দিতে দেরী হওয়ায় অনেককে হাত ও পা ভেঙে পঙ্গু করে দেওয়া হচ্ছে। অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাঁদের পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
তারা আরও বলেন, স্যালেন্ডারের নাটক বন্ধ করে প্রকাশ্যে দস্যুদের শাস্তি দিতে হবে। দরকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে এক হয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা এলাকায় বসে ডাকাতদের সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
বনদস্যু নির্মূলের দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে বনদস্যু নির্মূলে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে বনজীবীদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, বিভিন্ন কর্মসূচি পালন করার কারণে বনদস্যুদের তৎপরতা আরও বেড়েছে। গত তিন দিনে ১১ জনকে অপহরণ করা হয়েছে এবং তাদের প্রত্যেকের কাছে ১লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে বলে ফিরে আসা জেলেদের অভিযোগ। ১১ জন অপহরণের খবর পাওয়া গেলেও বহু জেলেকে অপহরণ করা হয়েছে বলে তাদের দাবি।
নৌ বন্ধন থেকে সুন্দরবনের বনদস্যু নির্মূলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বনজীবীরা।