নিউজ ডেস্ক / নিউজ ডেস্ক
রবিবার (১৫ নভেম্বর ২০২৬), সন্ধ্যা ৬টা ৫০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার আইনি পরামর্শকরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করলে এই আইনি প্রক্রিয়া নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও ভারত সরকার বরাবরই একে আইনি ও বিচারিক প্রক্রিয়ার বিষয় হিসেবে উল্লেখ করে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানান, আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ‘চুক্তির ভেতরেই স্পষ্ট উল্লেখ আছে কোন ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না। সব মিলিয়ে ভারতের দিক থেকে এটি সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’
২০১৩ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত এই চুক্তির ৬ নম্বর ধারায় রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। তবে ওই ধারায় হত্যা, অপহরণ, বিস্ফোরক ব্যবহার বা মানুষের জীবন বিপন্ন করার মতো অপরাধগুলোকে ‘রাজনৈতিক’ হিসেবে গণ্য না করার বিধানও রয়েছে।
চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যদি সংশ্লিষ্ট ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব। এছাড়া অভিযোগের প্রকৃতি লঘু হলে বা দীর্ঘ সময় অতিবাহিত হলে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। সংশ্লিষ্ট দেশের আদালত ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ আইনগত শর্ত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’
উল্লেখ্য, ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। এর ফলে অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে অভিযোগের সপক্ষে সাক্ষ্যপ্রমাণ পেশ না করলেও চলে, কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করলেই তা বৈধ অনুরোধ হিসেবে গণ্য হয়। সূত্র-বিবিসি