নিউজ ডেস্ক
সোমবার (২৪ নভেম্বর) ২০২৬, সকাল ১০টা ০৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) সপ্তম সমাবর্তনে যোগ দিতে দেশটিতে সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে এই সফরে গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই যাত্রাকে ‘দেশ ছেড়ে পালানো’ বলে অপপ্রচার চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীপন্থীদের বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট।
ড. ইউনূসের মালয়েশিয়া সফরের উদ্দেশ্য মূলত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেওয়া। ইউনূস সেন্টার নিশ্চিত করেছে যে, তাকে বহনকারী চার্টার্ড বিমানটি পাঠিয়েছেন মালয়েশিয়ার ধনকুবের ও এআইইউ-এর প্রতিষ্ঠাতা সৈয়দ মোখতার আলবুখারি। ড. ইউনূসের সঙ্গে তার দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে এবং ২০২০ সাল থেকেই তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সফরের প্রেক্ষাপট
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর মালয়েশিয়ার আলোর সেতারে এই আয়োজন সম্পন্ন হয়। ড. ইউনূস চ্যান্সেলর হিসেবে স্নাতকদের ডিগ্রি ও বিশেষ পুরস্কার প্রদান করেন। তার ফেসবুক পেজেও সমাবর্তনে অংশগ্রহণের ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার চার বছর আগেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেন, ফলে এই সফর তার রুটিন কার্যক্রমের অংশ।
গুজবের স্বরূপ
সামাজিক যোগাযোগমাধ্যমে ড. ইউনূসের দেশ ছাড়ার দাবিটি বিভিন্ন পরস্পরবিরোধী তথ্যের মাধ্যমে ছড়ানো হচ্ছে। কোনো পোস্টে ২৩ নভেম্বর, আবার কোনোটিতে ২৪ নভেম্বর দেশ ছাড়ার কথা বলা হয়েছে। এছাড়া গন্তব্য নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যেখানে কেউ দাবি করছে তিনি ফ্রান্সে যাচ্ছেন। এর আগেও ড. ইউনূসের বিদেশ সফর নিয়ে একইভাবে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল, যা বিভিন্ন ফ্যাক্ট-চেক প্রতিবেদনে মিথ্যা প্রমাণিত হয়েছে।
ধনকুবের সৈয়দ মোখতার আলবুখারি
ড. ইউনূসকে বহনকারী বিমানটি পাঠানো সৈয়দ মোখতার আলবুখারি মালয়েশিয়ার শীর্ষ ধনীদের একজন। ফোর্বসের তালিকা অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার। বন্দর ব্যবস্থাপনা, অবকাঠামো ও ব্যাংকিং খাতে তার বিশাল বিনিয়োগ রয়েছে। আলবুখারি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এআইইউ পরিচালনা করেন এবং সামাজিক ব্যবসার প্রসারে ড. ইউনূসের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন।