পেশোয়ারের একটি মসজিদে শুক্রবারের নামাজ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ৩০ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ডন
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ডন প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন ।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিফ হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন । তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ছুটিতে থাকা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
জানা গেছে, এদিন নামাজ পড়তে মুসল্লিরা যখন মসজিদে প্রবেশ করে তখনই এই হামলা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দু’জন হামলাকারী মসজিদে প্রবেশের চেষ্টা করে। সেখানে নিরাপত্তায় থাকা পুলিশ কর্মকর্তাদের দিকে গুলি ছোড়ে তারা। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অন্যজন গুরুতর আহত হন। এরপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে মসজিদ প্রাঙ্গণ। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
ঘটনার সময় মসজিদে প্রবেশের চেষ্টা করছিলেন শায়ান হায়দার নামের এক ব্যক্তি। তিনি বলেন, ওই বিস্ফোরণে আমি উড়ে গিয়ে রাস্তায় পড়ি। আমি চোখ খুলে দেখি চারদিকে ধুলা আর মরদেহ। এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন ।