ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
৩৬ বছর পর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফার্দিনান্দ মার্কোস ওরফে বংবং বিপুল ভোটে সে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ফিলিপাইনের ইংরেজি দৈনিক ফিলস্টার লিখেছে, ‘মার্কোস পরিবার আর কখনও নয়’ স্লোগান এখনও আছে, তবে সোমবারের নির্বাচনে ‘জনতার ঐক্যের’ এক বিভ্রান্তির জোয়ারে তা ভেসে গেছে।
চূড়ান্ত ঘোষণা না হলেও ফিলিপাইনের নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সিনেটর বংবং মার্কোস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ কোটি ৬০ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত জয়ের পথে রয়েছেন।
জানা গেছে, ৬১ শতাংশ ভোট গণনায় বংবংয়ের ৩ কোটি ৬ লাখ ভোটের বিপরীতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেদো পেয়েছেন ১ কোটি ৪৬ লাখ ভোট।
২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে এই লেনি রোব্রেদোর কাছেই হেরেছিলেন মার্কোস জুনিয়র। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সব জনমত জরিপেই এগিয়ে ছিলেন ৬৪ বছর বয়সি বংবং মার্কোস।
ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে এগিয়ে আছেন বংবংয়ের রানিং মেট বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে ও দাভাও শহরের সাবেক মেয়র সারা দুতার্তে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর কিকো প্যানগিলিনানের চেয়ে তিনি দুই কোটিরও বেশি ভোট পেয়েছেন।
ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বংকং ফিলিপিন্সের সপ্তদশ প্রেসিডেন্ট হিসেবে রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন।