বোয়ালমারীতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রায় ৪ বিঘা জমির উপর খননকৃত পুকুরে পুর্বশত্রুতার জেরধরে বিষ প্রয়োগের ফলে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত মৎস্যখামারী।
জানা গেছে, উপজেলার ময়না ইউনিয়নের বর্নিচর গ্রামের মৎস্যজীবী সুশান্ত রাজবংশী ও বেলজানী গ্রামের কাউসার পরামানিকের ছেলে শামীম পরামানিক যৌথভাবে মাধবপুর গ্রামের সিরাজ মোল্যার পুকুর ইজারা নিয়ে ১৬ বছর যাবৎ মাছ চাষ করে আসছে।
শামীম পরামানিকের ভাই রিয়াজুল পরামানিক জানান, আমাদের স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পুকুরে বিষ দিয়ে দুই লক্ষ টাকার ক্ষতি করেছে।
পুকুর মালিক সিরাজ মোল্যা জানান, সকালে সারা পুকুরে মাছ মরে ভাসতে দেখে থানায় ফোন করে জানালে পুলিশ এসে সব কিছু দেখে ছবি ও আমাদের বক্তব্য লিখিত আকারে নিয়ে গেছে, অচিরেই লিখিত অভিযোগ দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্তগণ এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।