চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ডম্বলপুর-মাধবপুর ব্রীজের সঙ্গে তার গলায় দড়ি ও মুখের ভেতর গামছা ঢুকানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৃত তৌহিদুল ইসলাম উপজেলার ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
কালিদাসপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, চিকিৎসার কারণে তিনি প্রতি রাতে দেরি করে বাড়িতে যেতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান শেষে তিনি চায়ের দোকান থেকে উঠে চলে যান। এরপর ব্রীজের সঙ্গে গলায় দড়ি ও মুখের ভেতর গামছা দেয়া অবস্থায় তার লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন জানান, উপজেলার ডম্বলপুর-মাধবপুর ব্রীজে ঝুলন্ত অবস্থায় এক পল্লাী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। ব্রীজের কিছুটা দূরেই পড়েছিলো তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি। শরীরে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।