বেনাপোলের পটুখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুই কেজি ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ আক্তারুল ইসলাম (২০) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার সন্ধ্যায় পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্করের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আক্তারুল ইসলামকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য এক কোটি ৮৮ লাখ টাকা।
পাচারকারী আক্তারুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। স্বর্ণগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।