ভালুকা সংবাদদাতা। ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ভালুকা উপজেলার গফরগাঁও সড়কের গোয়ারী নন্দবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভালুকা মডেল থানা পুলিশ জানিয়েছে, একটি অজ্ঞাত হায়েস গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন ভালুকা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা ৫৫ বছর বয়সী মোছা. রোকেয়া এবং একই এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়া। লাল মিয়া স্থানীয় পূর্ব ভালুকা প্রাথমিক সরকারি বিদ্যালয়ে দপ্তরির পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে সিএনজিটিতে থাকা লাল মিয়া ও রোকেয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া, সিএনজির চালকসহ আরও চারজন গুরুতরভাবে আহত হয়েছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, গোয়ারী নন্দীবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেননি তিনি।