পাথরঘাটা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরগুনার পাথরঘাটায় অতিরিক্ত জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে গ্রামরক্ষা বেড়িবাঁধ, তলিয়ে গেছে ছয়টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি।
উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর মানিকখালী বাজারসংলগ্ন অংশে বেড়িবাঁধ ভেঙে গেলে প্লাবিত হয় মানিকখালী, নাচনাপাড়া, জ্ঞানপাড়া, উত্তর কাঁঠালতলী, কেরামতপুর ও পুটিমারা গ্রামের অধিকাংশ এলাকা।
গত দুইদিন ধরে পাথরঘাটায় লাগাতার ভারী বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত ঝড়ো বাতাসে ঘরবাড়ি বা গাছপালার বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিষখালী ও বলেশ্বর নদী তীরবর্তী এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ৮ আগস্ট মানিকখালী গ্রামের কিছু বাসিন্দা পানির সংকট নিরসনের লক্ষ্যে বেড়িবাঁধের কিছু অংশ কেটে দেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড টেন্ডার আহ্বান করে মেরামতের কাজ শুরু করলেও তা কিছুদিনের মধ্যেই অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। ফলে অতিরিক্ত পানির চাপে বাঁধটি আবার ভেঙে যায়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী বিন নুর জানান, “আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী বর্তমানে তেমন দুশ্চিন্তার কিছু নেই। তবে যদি জলোচ্ছ্বাস বেড়ে গিয়ে বাঁধ উপচে পড়ে, তাহলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।” তিনি আরও জানান, পাথরঘাটার তিন থেকে চার কিলোমিটার বেড়িবাঁধ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “বাঁধ ভেঙে প্লাবনের খবর পেয়েই পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। বৃষ্টি থামলেই মেরামতের কাজ শুরু করা হবে।” প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নেয়া হচ্ছে এবং প্রয়োজনে শুকনো খাবার সরবরাহেরও আশ্বাস দিয়েছেন তিনি।