নড়াইল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইলের লোহাগড়ায় বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামে এক গৃহবধূ। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। মা ও তিন শিশু কন্যা বর্তমানে সুস্থ রয়েছেন।
আলপনা খানম নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা ও খন্দকার সজীব হাসানের স্ত্রী। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে তাকে ভর্তি করা হলে চিকিৎসকদের পরামর্শে সিজারিয়ানের সিদ্ধান্ত নেওয়া হয়।
অপারেশনটি পরিচালনা করেন গাইনি সার্জন ডা. স্বরূপ গোলদার এবং অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকরা। ক্লিনিকের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, “মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন এবং ক্লিনিক থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়েছে।”
আলপনার স্বামী খন্দকার সজীব হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, বিয়ের তিন বছর পর আমাদের ঘরে একসঙ্গে তিনটি কন্যাসন্তান এসেছে। আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি। সকলের কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।”
চিকিৎসক স্বরূপ গোলদার জানান, রোগী শুরু থেকেই তার ফলোআপে ছিলেন এবং অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।