মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দক্ষিণ চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় রয়েল হসপিটাল-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম-লোহাগাড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ।
এ সময় হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বায়েজীদ বিন আখন্দ বলেন, “মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো স্বাস্থ্যসেবা। লোহাগাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল প্রতিষ্ঠা নিঃসন্দেহে সময়োপযোগী উদ্যোগ। হাসপাতালটি যেন কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান না হয়ে মানবিক ও মানসম্পন্ন চিকিৎসাসেবার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে—সেদিকে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী ব্যয়ে উন্নত চিকিৎসা পায়, সেটিই হওয়া উচিত এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, রয়েল হসপিটাল চালু হলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক এবং সুসজ্জিত প্যাথলজি ল্যাব স্থাপন করা হবে। ফলে বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের ঢাকা বা চট্টগ্রাম শহরে ছুটে যেতে হবে না। স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, হাসপাতালটি চালু হলে লোহাগাড়াসহ আশপাশের উপজেলার বাসিন্দারা মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা সহজেই গ্রহণের সুযোগ পাবেন, যা এ অঞ্চলের স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।