নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দলীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো অবস্থাতেই তা যেন ঐক্যে ফাটল সৃষ্টি না করে। তার ভাষায়, ঐক্য অক্ষুণ্ন থাকলে ‘ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর’ দলের ভেতরে ঢুকে সুযোগ নিতে পারবে না।
সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরের নির্যাতনের সময় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দলকে টিকিয়ে রেখেছেন। সেই ঐক্য ভবিষ্যতেও বজায় রাখতে হবে। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া এবং তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন। দল গোছানোর ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, সে বিষয়ে নজর রাখতে হবে।
বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নকে প্রকৃত উন্নয়ন হিসেবে উল্লেখ করেন। এ সময় উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা এবং সারাদেশে ১ হাজার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।