নিজস্ব প্রতিনিধি
শনিবার (২২ আগস্ট) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বেসরকারি খাতের নেতৃত্বে প্রবৃদ্ধি অর্জন বর্তমান সরকারের অর্থনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি, যা দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ শনিবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: রাজস্ব ও মুদ্রানীতির প্রেক্ষিত এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে উত্তরণের কোনো পথ নেই। দেশের ভেতরে বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও আসবে না। ব্যবসা পরিচালনার জটিলতা কমাতে সরকার নিয়ন্ত্রণমূলক বাধা দূর করার উদ্যোগ নিয়েছে এবং ব্যবসায়ীদের সরাসরি অভিযোগ জানানোর জন্য একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনা রয়েছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও গ্যাসখাতে অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল। তখন জ্বালানির মজুত ছিল মাত্র ১৫-১৭ দিনের, যা বর্তমানে প্রায় এক মাসে উন্নীত হয়েছে। সরকারের লক্ষ্য তিন মাসের সমপরিমাণ জ্বালানি মজুত গড়ে তোলা এবং এ লক্ষ্যে ভাসমান এলএনজি ইউনিট স্থাপনের কাজ চলছে।
ব্যাংক খাতের সংস্কার নিয়ে অর্থমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঋণ পুনঃতফসিল ও গ্রেস পিরিয়ডসহ সহায়তা প্যাকেজ চালু করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৬০ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজ দেওয়া হয়েছে এবং ঋণ বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, কারুশিল্প, কুটিরশিল্প ও সৃজনশীল খাতগুলোকে মূলধারার অর্থনীতিতে অন্তর্ভুক্ত করতে কাজ করছে সরকার। এছাড়া কর-জিডিপি অনুপাত বাড়াতে কর ও বন্দর ব্যবস্থায় অটোমেশন জোরদার করে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এছাড়া পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।