নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা ২৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি নিউইয়র্কে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটরশোভাযাত্রা সহকারে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নেওয়া হয়। সেখানে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সফরসূচি ও দ্বিপাক্ষিক বৈঠক
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক বিষয় তুলে ধরবেন।
সফরকালে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফসহ বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ২৫ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।