মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬), সকাল ৯টা ২৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হরিণাবিল কাটা পাহাড় এলাকায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত দুই-তিন দিন ধরে স্থানীয় প্রভাবশালীরা ডাম্পার ব্যবহার করে পাহাড়ের লাল মাটি অন্যত্র নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি ভারী যানবাহনের শব্দে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে পাহাড় কাটার মহোৎসব শুরু হয়। রাতভর ডাম্পার চলাচলের শব্দে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং অনেকের ঘুমের ব্যাঘাত ঘটছে। এ কাজে মামুন নামের এক ব্যক্তির গাড়ি ব্যবহারের অভিযোগ রয়েছে।
গাড়ির মালিক মামুন বলেন, “আমি শুধু গাড়ি ভাড়া দিয়েছি। গত পরশু রাতে মো. বেলাল আমার কাছ থেকে গাড়িটি ভাড়া নিয়েছেন। পাহাড়ের মাটি কাটার সঙ্গে আমি নিজে জড়িত নই।”
পাহাড়ের মালিকানা দাবি করে মো. বেলাল বলেন, “পাহাড়টি আমাদের খতিয়ানভুক্ত জায়গা। প্রায় দুই মাস আগে জায়গাটি সংস্কারের জন্য সামান্য অংশ কাটা হয়েছিল। তবে গত দুই দিন ধরে আমাদের পাহাড়ের মাটি কে বা কারা নিয়ে যাচ্ছে, সে বিষয়ে আমি অবগত নই। মামুন নামের কাউকে আমি চিনি না।”
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধ এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “পাহাড় কাটা সম্পূর্ণ অন্যায় ও আইনবিরোধী। কোনোভাবেই পাহাড় কাটা যাবে না। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”