জেলা প্রতিনিধি
রবিবার (৪ অক্টোবর), রাত ৮টা ৫১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকা থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় এবং প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন একদল লোক। তবে এই ঘটনার সত্যতা ও ভিডিওর উৎস তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির নেতা নাইম আবেদিন বলেন, “মাজারের মতো একটি পবিত্র জায়গার ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও এনসিপি এবং ছাত্রশক্তির নেতৃবৃন্দ এসে আমাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন।”
এর আগে গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২৮ জুলাই হবিগঞ্জ শহরের সার্কিট হাউস এলাকায় হামলার শিকার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।