মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক কিশোর শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহিন প্রতিবেশী মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে। পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের বিচ্ছেদ হলে সে স্বজনদের সাথে শরণখোলার গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস শুরু করে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনায় আগ্রহ থাকলেও সংসারের অভাব-অনটনের কারণে শেষ পর্যন্ত তা চালিয়ে যেতে পারেনি মাহিন। বাধ্য হয়েই জীবিকার তাগিয়ে শিশুশ্রমে জড়িয়ে পড়ে সে। ইদানীং স্থানীয় বাসিন্দাদের অনুরোধে নারিকেল ও সুপারি পাড়ার কাজ করছিল। মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, বাবা খুলনায় আলাদা থাকার পর থেকে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে তারা আবাসন পল্লীতে দিন কাটাচ্ছিলেন।
বৃহস্পতিবার সকালে গোলবুনিয়া গ্রামের বাসিন্দা রহমান তালুকদারের বাড়িতে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে মাহিন। গাছে ওঠার কিছুক্ষণের মধ্যেই অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে সে। এতে মারাত্মক আহত হলে আশপাশের লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। কর্তব্যরত চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে খুলনায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহিন।
এ ঘটনায় শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক কিশোরের প্রাণহানির খবর পাওয়ার পর পরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।