তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
রবিবার (১১ অক্টোবর ২০২৬), রাত ৮টা ২৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. কে. এম. মুস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় তাঁর এই পদোন্নতির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ড. মুস্তাফিজুর রহমান তাঁর কর্মজীবনে আন্তর্জাতিক মানের জার্নালে অর্ধশত গবেষণাপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পাঠদান এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নমূলক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর কঠোর পরিশ্রম ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়।
ড. মুস্তাফিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি একই বিভাগ থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি জাককানইবিতে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ ২০২৫ সালে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি প্রায় ১০ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, সহকর্মী এবং শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রিয় শিক্ষকের এই অর্জন তাঁদের অনুপ্রাণিত করবে।