নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর), সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় দুই দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পার্ঘ্য অর্পণ, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প।
আগামী ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা অংশগ্রহণ করবেন।
একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।