মনির আহমদ আজাদ / লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (১৪ অক্টোবর)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ও বুধবার উপজেলার বিভিন্ন ওয়ার্ডের হিন্দুপাড়ায় ঘুরে তিনি এসব উপহার পৌঁছে দেন।
উপহারসামগ্রী হাতে পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। উৎসবের আগে এমন উপহার পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়ভাবে তরুণ নেতা হিসেবে পরিচিত মুসলিম উদ্দিন ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের মাধ্যমে এলাকায় দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়রা জানান, পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসবগুলোতে তিনি নিজ সামর্থ্য অনুযায়ী উপহারসামগ্রী বিতরণ করেন। তাদের মতে, ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।
উপহার বিতরণকালে মুসলিম উদ্দিন বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ভোট দেবেন কি দেবেন না, সে বিষয়ে আপনাদের প্রতি আমার কোনো দাবি নেই। আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আপনাদের হাতে এই উপহারসামগ্রী তুলে দিয়েছি। আপনাদের মুখে হাসি ফোটাতে পেরে এবং উৎসবের আনন্দে সামিল হতে পেরে আমার নিজের মনও আনন্দে ভরে গেছে।”
তিনি আরও বলেন, “মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছেও মুসলিম উদ্দিন একজন আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা তাকে সম্ভাবনাময় তরুণ নেতা হিসেবে তুলে ধরছে।