নিউজ ডেস্ক
বুধবার (২১ অক্টোবর) ২০২৬, রাত ৮টা ২৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কিউবায় তীব্র পানির সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও বিদ্যুৎ বিভ্রাটের ফলে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষ কূপ খননসহ নানা উপায়ে পানির সংস্থান করছেন।
দেশটির মাতানজাস প্রদেশে রেস্তোরাঁ ব্যবসায়ী কেভিন মার্টিনেজ পানির অভাবে প্রতিষ্ঠান বন্ধ রাখা এড়াতে নিজের রেস্তোরাঁয় কূপ খনন করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কিউবার ৯৪ লাখ মানুষের মধ্যে প্রায় ২৯ শতাংশ মানুষ বর্তমানে পানির সংকটে ভুগছেন। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎচালিত টারবাইন অচল থাকায় পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মার্টিনেজ বলেন, ‘বেশ কয়েকবার পানি না থাকায় আমাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। শেষ পর্যন্ত এ কারণেই কূপ খনন করতে বাধ্য হয়েছি। কখনো ভাবিনি আমাকে কূপ খনন করতে হবে, যেমন ভাবিনি কয়লা দিয়ে রান্না করতে হবে কিংবা সৌর প্যানেল বসাতে হবে।’
পানির সংকটে অনেক কিউবানকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। রাজধানীর পুরোনো শহরের বাসিন্দারা ঠেলাগাড়ি, সাইকেল কিংবা ঘোড়ায় টানা গাড়িতে করে পানি বহন করছেন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বালতি বা ট্যাংকে পানি সংগ্রহ করছেন।
কিউবার জাতীয় পানি সরবরাহ সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ইউনিওর গনসালেস বলেন, দেশটির ২৭ লাখ মানুষের বাড়িতে পানি পৌঁছায় না। তিনি জানান, যন্ত্রপাতি বিকল হওয়া, পাইপের ছিদ্র ও খরার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
পানির এই সংকট কিউবার লাগামহীন মূল্যস্ফীতির দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। খাদ্য ও ওষুধের সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে সামাজিক অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে হাভানার বিভিন্ন এলাকায় পানির সংকটের প্রতিবাদে নারীদের নেতৃত্বে বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে।