আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
শনিবার (২৪ অক্টোবর) ২০২৬, দুপুর ৩টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক সংবাদকর্মী ও গৃহবধূসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো. সুমন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মুনসুর, গাফফার, শান্তা, আজিজুল, শাকিলা ও মো. মাজদার দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করে দখল করে রেখেছিলেন। স্থানীয়দের মধ্যস্থতায় প্রাচীরটি অপসারণ করা হলেও ঘটনার দিন সকালে এ নিয়ে বিবাদীদের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়।
অভিযোগে বলা হয়, বিবাদীরা সুমনের স্ত্রী সোনিয়া খাতুন টুম্পাকে মারধর করেন এবং তার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে সুজন নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এছাড়া প্রতিবেশী আব্দুল কুদ্দুসকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ও সংবাদকর্মী মো. সুমন বলেন, “আমি একজন সংবাদকর্মী। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি তাদেরকে সরকারি রাস্তা দখলের বিষয়ে বলতে গিয়েছিলাম। কিন্তু তারা তা মেনে না নিয়ে আমার পরিবার ও প্রতিবেশীদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়।”
হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আজিজুল বলেন, “আমার ভাইয়ের জায়গায় একটি বাউন্ডারি ওয়াল ছিল। সুমনের লোকজন আমাদেরকে কোনো কিছু না জানিয়েই সেটি ভেঙে ফেলে। আমি বাইরে ছিলাম, খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উল্টো তারাই আমাকে মারধর করে ফেলে দেয়।”
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”