নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬), সকাল ৯টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা শুরু হবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা, যার মাধ্যমে এক বছর অপেক্ষা না করেই তারা অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থীরাই এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার রুটিন পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণ করতে হবে। এরপর ১০ নভেম্বর পর্যন্ত ‘সোনালী সেবার’ মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।
বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের এক বছর বিরতি দিয়ে পরের বছর নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে পুনরায় পরীক্ষায় বসতে হয়। এবারই প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা ৭ নভেম্বর পর্যন্ত চলবে।