টেলিগ্রাফ বাংলাদেশ রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, রাত ১২টা ৪৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামক ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাড়াগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে চলন্ত বাসের চাকায় বোমাটি লেগে রাস্তায় ছিটকে পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজারে রাস্তার নির্মাণ কাজের কারণে বাসটি দীর্ঘ সময় যানজটে আটকে ছিল। জ্যাম ছাড়ার পর বাসটি গাড়াগঞ্জ এলাকার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বাসটি চলন্ত অবস্থায় থাকায় এবং গতির কারণে বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, “বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরেই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। বোমাটি যদি আর ১-২ ইঞ্চি এদিক-ওদিক হয়ে টায়ারে লাগতো, তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা কে দেবে?”
হামলার নেপথ্যে অস্থিতিশীল পরিস্থিতি
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এ ধরনের অপকর্ম চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের পরিচয় বা তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা টহল জোরদার করেছি এবং অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”